ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি, দুপুর পর্যন্ত ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩৪ পূর্বাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬ | আপডেট: ১০:৩৬ পূর্বাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানী ঢাকায়। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় কোথাও ভারী, কোথাও মাঝারি বৃষ্টি হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টির ধারা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় থেমে থেমে গুঁড়িগুঁড়ি অথবা মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একই সময়ে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে দিনের তাপমাত্রা হালকা কমে গরমের তীব্রতা কিছুটা প্রশমিত হতে পারে।

আরও পড়ুন: ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। সোমবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

আরও পড়ুন: টানা ৫ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস, সব বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা

এদিকে সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এই পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাতের কারণে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ২৯ মিনিটে।