পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, যেসব বিভাগে বেশি হতে পারে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:১০ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ ছত্তিশগড় ও এর আশপাশে অবস্থানরত লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় আরও কয়েকদিন বৃষ্টির প্রবণতা থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিন দেশের কোথাও হালকা থেকে মাঝারি, আবার কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, প্রথমদিকে দেশের বিস্তৃত এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এর বিস্তার কমে আসতে পারে। তখন বৃষ্টিপাতের প্রবণতা মূলত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি থাকতে পারে। শনিবার (১২ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপ, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ দিন বৃষ্টি-ভারী বর্ষণের পূর্বাভাস

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায়ও দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এবং বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্তও প্রায় একই ধরনের আবহাওয়া থাকতে পারে। এই দুই দিনে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।