পরপর ২ জাহাজে আগুন, নাশকতা ভাবছে শিপিং করপোরেশন

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৪ | আপডেট: ৪:২৫ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে পাঁচ দিনের ব্যবধানে তেলবাহী দুই জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটিকে সম্ভাব্য নাশকতা হিসেবে দেখছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।

শনিবার সকালে বন্দরনগরী চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে এমন আশঙ্কার কথা জানিয়েছেন বিএসসি ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। তিনি বলেন, দেশের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে এই নাশকতা চালানো হয়েছে বলে ধারণা করছি।

আরও পড়ুন: রায়পুরে দুই শিক্ষার্থী নিখোঁজ, তিন দিনেও মেলেনি সন্ধান

জানা গেছে, বহির্নোঙরের বড় জাহাজ থেকে তেল খালাসের কাজে ‘বাংলার জ্যোতি’ ও ‘বাংলার সৌরভ’ জাহাজকে ব্যবহার করে বাংলাদেশ শিপিং করপোরেশন। শুক্রবার ১২টা ৫০ মিনিটের দিকে বহির্নোঙরে অবস্থান করা বাংলার সৌরভে আগুন লাগে। শনিবার সকালে তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়বার কথা ছিল জাহাজটির। আগুনের ঘটনায় জাহাজ থেকে সাগরে ঝাঁপ দিলে একজনের প্রাণহানি হয়। এছাড়া  ৪৭ ক্রু ও কর্মীকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী।

এর আগে গত সোমবার সকালে চট্টগ্রাম বন্দরে বাংলার জ্যোতিতে বিস্ফোরণের পর আগুন লাগে। ওই ঘটনায় তিনজন নিহত হন।

আরও পড়ুন: মৌলভীবাজারে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম ও ডেঙ্গুর প্রকোপ

আজ সংবাদ সম্মেলনে বিএসসি ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, বাংলার জ্যোতিতে আগুন লাগার পর নাশকতার কথা মাথায় রেখেই তদন্তকারীরা অগ্রসর হচ্ছিলেন। সেই সঙ্গে ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বাংলার সৌরভে ফায়ার ড্রিল করা হয়। এই জাহাজটিতে কোনো মেরামতের কাজও চলছিল না।