সন্তানকে বাঁচাতে নদীতে ঝাঁপ, প্রাণ গেল মায়ের

Sanchoy Biswas
মো. আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ন, ০৬ জুন ২০২৫ | আপডেট: ২:৫৯ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হৃদয়বিদারক এক ঘটনায় নয়ন মনি (২৮) নামের এক মা নদীতে ডুবে মারা গেছেন। শুক্রবার (০৬ জুন ২০২৫) দুপুর অনুমান ১২টা ৪০ মিনিটের দিকে তাহিরপুর থানাধীন ৪নং উত্তর বড়দল ইউনিয়নের একতাবাজার এলাকা থেকে পুরান ঘাট গ্রামে যাওয়ার সময় পাঠলাই নদীতে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন মনি তার ৮ বছর বয়সী ছেলে মাহিমকে নিয়ে গোদারা (নৌকা) দিয়ে নদী পার হচ্ছিলেন। এ সময় মাহিম হঠাৎ নদীতে পড়ে যায়। সন্তানকে রক্ষা করতে নয়ন মনি সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেন। কিন্তু তিনি সাঁতার জানতেন না। নদীতে থাকা অন্য যাত্রীরা মাহিমকে জীবিত উদ্ধার করতে পারলেও নয়ন মনি নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন ও তাঁর পিতা নদীতে খোঁজ করে নয়ন মনিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: শিবগঞ্জ সীমান্তে ইস্কাফ সিরাপসহ আটক ২

নিহত নয়ন মনি তাহিরপুর উপজেলার পুরান ঘাট গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম দুলাল মিয়া এবং পিতার নাম মতিউর রহমান।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: জৈন্তাপুরে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার প্রদান