দামুড়হুদা সীমান্ত দিয়ে একই পরিবারের ৬ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ

Sanchoy Biswas
সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা)
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ন, ১৪ জুন ২০২৫ | আপডেট: ৬:৪৭ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ একই পরিবারের ৬ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৪ জুন) ভোরের দিকে ঠাকুরপুর সীমান্তের ৮৭ নং মেইন পিলালের কাছ দিয়ে তাদেরকে পুশইন করে ভারতীয় বিএসএফ। পরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির ঠাকুরপুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আনোয়ার হোসেন ৬ জনকে আটক করে দর্শনা থানায় সোপর্দ করে।

পরে এদেরকে রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়। এরা হলেন, কুড়িগ্রাম  জেলার মৃত কিতাব আলীর ছেলে শাহাজান (৪০), তার স্ত্রী কহিনুর (৩৫), মেয়ে সাবিহা খাতুন (১৮), শারমিন (১৫), সাথী খাতুন (৮) ও ছেলে নাজমুল (১)।

আরও পড়ুন: কুলাউড়ায় যানজট নিরসনে প্রশাসনের সভা

এ বিষয়ে শাহাজান বলেন, গত ১৯-২০ বছর আগে আমরা কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতের হরিয়ানা রাজ্যে গিয়ে বসবাস করছিলাম। কিন্তু হঠাৎ করে ভারতীয় লোকজন আমাদেরকে জোরকরে তাড়িয়ে দিয়েছে। এবং তারা বলেছেন কোন বাংলাদেশী লোক ভারতে থাকবে না।

এ ঘটনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, বিজিবি আমাদের কাছে একই পরিবারের ৬ জনকে হস্তান্তর করেছে। আমরা তাদের কাছে শুনে তাদের আত্মীয় স্বজনকে খবর দিয়ে কুড়িগ্রাম থানায় একটি বার্তা প্রেরণ করেছি।

আরও পড়ুন: ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

এ ঘটনায় দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কেএইচ তাসফিকুর রহমান জানান, দর্শনা থানার ওসি আমাকে বিষয়টি জানালে আমি তাদের ৬ জনকে পূর্ব রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রাখার ব্যবস্থা করেছি। তারা একই পরিবারের সদস্য। তাদের আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে।