কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য, প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

Sanchoy Biswas
হৃদয় রায় সজীব, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৫ | আপডেট: ৭:০৩ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন করেছে নেত্রকোনা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ এই স্লোগানকে সামনে রেখে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

মানববন্ধনে বক্তব্য রাখেন, নেত্রকোনা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম খান কবির, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, রমা রায়, মো. আব্দুল সত্তার খান, আজহারুল ইসলাম খান জালাল, মো. জাহিদুল ইসলাম রাজু, সুরজিৎ চৌধুরী, বিদ্যুৎদেব বর্মণ, মো. মাহবুব রহমান প্রমুখ।

পরে বক্তারা বলেন, সরকার যখন দেশের সব শিশুর জন্য সমান শিক্ষা-অধিকার নিশ্চিত করার কথা বলছেন, সেখানে সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক বৃত্তি পরীক্ষার অংশ নেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের। ফলে যতদ্রুত সম্ভব, এমন বৈষম্যমূলক সিদ্ধান্তের পরিবর্তনের দাবি জানাই। একই বয়সী শিক্ষার্থীরা একই পাঠ্যসূচিতে পঞ্চম শ্রেণিতে পড়ালেখা করলেও, শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় সুযোগ দেওয়া হচ্ছে। ফলে শিক্ষার্থীদের সঠিক মেধা যাচাই ও মূল্যায়নের জন্য কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের আগামী মেধা পরীক্ষায় অংশগ্রহণের সমান অধিকার রাখার জোরালো দাবি জানাই। শিগগিরই দাবি আদায় না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। পাশাপাশি দ্রুত এ সিদ্ধান্ত পরিবর্তনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করছি।

আরও পড়ুন: রাষ্ট্রপতি পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের প্রসঙ্গে স্মারকলিপি প্রদান করা হয়।