মঠবাড়িয়ায় ভুয়া মেজর ও ডিজিএফআই সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক
পিরোজপুরের মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মেজর ও ডিজিএফআই পরিচয় দিয়ে চাকুরি দেয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সোহেল হাওলাদার(২৭) নামে এক যুবককে আটক করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বকসীর ঘটিচোরা গ্রামে শ্বশুর বাড়ি থেকে ওই যুবককে আটক করে।
আরও পড়ুন: চারঘাটে নির্মাণ কাজে অনিয়ম হলেই ব্যবস্থা গ্রহণ: এমপি চাঁদ
আটককৃত মো. সোহেল (২৭) পটুয়াখালী সদরের বাদরপুর গ্রামের আব্দুল বারেক হাওলাদার ছেলে।
থানা সূত্রে জানাগেছে, অভিযুক্ত যুবক সোহেল গত ৫ মাস আগে মঠবাড়িয়ার গুলিশাখালী গ্রামের মৃত সেলিম হাওলাদার এর মেয়ে ফারজানা আক্তারকে (২৩) সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে বিবাহ করেন। সে সেনাবাহিনী লোগো লাগানো একটি মোটরসাইকেল ব্যবহার করে এলাকায় সেনাবাহিনীর মেজর আবার কখনও ডিজিএফআই অফিসার পরিচয় দিয়ে চলাফেরা করতো। এছাড়া প্রতারক ওই যুবক একই পরিচয়ে মঠবাড়িয়া উপজেলার বকশীর ঘটিচোরা গ্রামে দ্বিতীয় একটি বিবাহ করেন।
আরও পড়ুন: দেশে সয়াবিনের বাৎসরিক চাহিদা ১৬ লাখ মেট্রিক টন
প্রতারক সোহেল নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে পরিচয়ে সম্প্রতি উপজেলার সবুজ নগর গ্রামের গৃহবধূ হাসি রানী দাসের স্বামী হৃদয় দাস কে চাকুরি দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা দাবি করেন। ওই গৃহবধূ চাকুরির আশায় প্রথমে ১৫ হাজার টাকা দেন। কিন্তু প্রতারক সোহেল টালবাহানা শুরু করলে বিষয়টি এলাকায় জানাজানি হয়। এরপর এলাকায় গুঞ্জন ওঠে ওই যুবক সেনা কর্মকর্তার পরিচয়টি ভুয়া। ওই পরিচয়ে সে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। প্রতারণার শিকার গৃহবধূ হাসি রানী বিষয়টি থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত করে প্রতারক যুবক সোহেলকে আটক করে।
এ ঘটনায় ভুক্তভোগী হাসি রানী মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ওই যুবককে আটক করা হয়েছে। সে বাংলাদেশ সেনাবাহিনী অথবা ডি জি এফ আই এর কোন সদস্য না প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।





