জুলাই শহিদ পরিবারের পদত্যাগ দাবি: যা বললেন ড. আসিফ নজরুল
জুলাই হত্যাকাণ্ডের মামলার এক আসামিকে হাইকোর্ট থেকে জামিন দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে শহিদ পরিবারের সদস্য ও আহতরা। এর জেরে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন তারা।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শহিদ পরিবারের সদস্যরা ও আহতরা। পরে তারা সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে গিয়েও অবস্থান নেন। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, “অর্থের বিনিময়ে” জুলাই হত্যাকাণ্ডের আসামিদের জামিন দেওয়া হচ্ছে এবং সরকার এর বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
শহিদ শেখ শাহরিয়ারের বাবা আবদুল মতিন বলেন, "এক বছর ধরে আমরা বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছি। আইন মন্ত্রণালয়ের আশ্রয় নিয়েও আমাদের সঙ্গে প্রহসন করা হচ্ছে।"
আরও পড়ুন: আশুলিয়ায় ডিবির অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
আহত আমিনুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, "আবার যদি রাস্তায় নামতে হয়, তাহলে পরিণতি ভালো হবে না।"
এ বিষয়ে বিকেল সাড়ে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি লেখেন,
"জুলাই হত্যাকাণ্ডে শহিদ পরিবারের করা একটি মামলায় হাইকোর্ট পুলিশ বাহিনীর একজন সদস্যকে জামিন দিয়েছে। এটি নিয়ে শহিদ পরিবারের সদস্যরা স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ হয়েছেন। তবে এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।"
তিনি আরও উল্লেখ করেন, "হাইকোর্ট দেশের উচ্চ আদালত। হাইকোর্ট বা উচ্চ আদালত আইন মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন নয়। সুতরাং জামিন বা উচ্চ আদালতের অন্য কোনো সিদ্ধান্তের সঙ্গে আইন মন্ত্রণালয়ের সম্পর্ক নেই।"
তিনি জানান, অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে ইতোমধ্যে জামিনাদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে।
“কালই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। জামিন বাতিল হলে পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে আসামিকে গ্রেপ্তার করবে।”





