শ্রীপুরে আওয়ামী লীগ অফিসে হঠাৎ আগুন
গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পার্শ্ববর্তী লোকজন আগুন দেখে দ্রুত গিয়ে নিজস্ব উদ্যোগে আগুন নেভাতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। আগুন লাগার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে হঠাৎ করেই শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের দোতলায় কালো ধোঁয়া দেখতে পান। এ সময় ভবনের দোতলায় আগুন জ্বলতে থাকে। পার্শ্ববর্তী সিঙ্গার শোরুমের ম্যানেজার দ্রুত গিয়ে তাদের অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হন। আগুন লাগা কক্ষে গিয়ে দেখা গেছে, ভেতরে থাকা আবর্জনা ও ককশিট পুড়ে গেছে। কে বা কারা আগুন দিয়েছে, এটি কেউ স্পষ্টভাবে বলতে পারেননি।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ইয়াবাসহ ফের গ্রেপ্তার ভেলকা শাহিন
সিঙ্গার শোরুমের ম্যানেজার মো. মিজানুর রহমান জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে হঠাৎ করেই তাদের গুদামের ছাদের ওপর কালো ধোঁয়া দেখতে পান। গুদামে আগুন লেগেছে ভেবে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখতে পান উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের দোতলায় আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে তিনি তাদের নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হন। কীভাবে আগুন লেগেছে, এটি তিনি বলতে পারেননি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খাইরুল ইসলাম জানান, আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আগুন লাগার কোনো খবর পাননি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখবেন।
আরও পড়ুন: শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই
এ বিষয়ে বক্তব্য জানতে শ্রীপুর থানার ওসিকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
শ্রীপুর থানার ওসি (অপারেশন) সঞ্জয় সাহা জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আওয়ামী লীগ অফিসের দোতলার কক্ষে আবর্জনা ও ককশিট ছিটানো ছিল। কে বা কারা ধূমপান করতে গিয়ে অসাবধানতাবশত আগুন ফেলতে পারে। এতে ওই কক্ষের ককশিট পুড়ে যায়।





