পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০২ অপরাহ্ন, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:০২ অপরাহ্ন, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় সেনা শহীদ দিবস পালন করা হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ শহীদ পরিবারের স্বজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন দিয়েছেন, তারা চিরতরুণ ও চিরভাস্বর। পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের নয়, বিশ্বের নৃশংসতম হত্যাকাণ্ডগুলোর একটি বলেও মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, এ হত্যাকাণ্ডের পেছনের মূল উদ্দেশ্য উদঘাটনে তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত হয়নি। পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটি জাতীয় কমিশন গঠন করা হয় এবং তাদের রিপোর্ট প্রকাশিত হয়েছে। তবে সে রিপোর্ট বাস্তবায়নে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু

তিনি জানান, নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। আগের কমিশনের সুপারিশ এবং বিচারাধীন মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। অন্যান্য সুপারিশও ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। এ হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা ছিল বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।