ডাকসু নির্বাচনে ছাত্রদলের পক্ষে পোস্ট দেওয়া সেই ওসি প্রত্যাহার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিএনপি-সমর্থিত ছাত্রদলের প্রার্থীদের পক্ষে প্রকাশ্যে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট করা ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার জায়গায় পদায়ন করা হয়েছে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
জানা গেছে, ৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ২টার দিকে ওসি মোজাফফর হোসেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন। সেখানে তিনি ‘২১, ১৭, ০৮’ লেখা একটি ডিজিটাল কার্ড পোস্ট করেন। এই তিনটি সংখ্যা হলো ডাকসু নির্বাচনে ছাত্রদলের তিনটি গুরুত্বপূর্ণ পদে মনোনীত প্রার্থীদের ব্যালট নম্বর।
কার্ডের ক্যাপশনে ওসি লিখেন: মেধাবীদের জন্য শুভ কামনা রইল।
আরও পড়ুন: নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
নির্বাচনে ব্যালট নম্বর ২১-এ ভিপি (সহসভাপতি) পদে প্রার্থী হয়েছেন আবিদুল ইসলাম আবিদ, ১৭ নম্বরে জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী তানভীর বারী হামিম এবং ৮ নম্বরে এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে আছেন তানভির আল হাদী মায়েদ। এ তিনজনই ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী।
ওসির এই পোস্ট প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ পর্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেনের ফেসবুক আইডি হ্যাক করে ডাকসু নির্বাচন নিয়ে পোস্ট দেওয়ার ঘটনায় থানায় একটি (সাধারণ ডায়েরি) জিডি করা হয়েছে।
৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে থানায় ওই জিডি করেন ওসি নিজেই। জিডি নোটে ওসি মোজাফফর হোসেন বলেন, আমার ব্যক্তিগত ফেসবুক আইডি কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হ্যাক করত একটি রাজনৈতিক পোস্ট করেছে। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া স্ক্রিন শর্টে দেখা যায় যে, বেগুনি রংয়ের ব্যাক গ্রাউন্ডে শুভ কামনা ২১, ১৭, ০৮, লেখা পোস্ট প্রচার হচ্ছে। বিষয়টি আমি তাৎক্ষনিক পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) কে অবগত করি। কে বা কারা এই পোস্ট করেছে আমার জানা নেই। পরবর্তীতে আমি আমার আইডিতে ঢুকে উক্তরূপ দেখিতে পায়নি। আমি আমার সরকারী আইডি Sadar Thana Brahmanbaria তে হ্যাক হওয়ার বিষয়টি অবগত করে পোস্টটি দিয়েছি। এই ব্যাপারে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।





