নারায়ণগঞ্জে নির্বাচন কমিশনার: ‘বিধি লঙ্ঘনে শোকজ নয়, প্রার্থিতা বাতিল’
যেনতেন ভাবে কোনো নির্বাচনের আয়োজন হবে না। যেখানে জরিমানা করা দরকার, যেখানে জেল দেওয়া দরকার, ম্যাজিস্ট্রেটরা সবসময় তৎপর থাকবে এবং যথাযথ ব্যবস্থা নেবে। এমনটা জানিয়ে নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেবে না নির্বাচন কমিশন। এক্ষেত্রে আমরা কোনো শোকজ করবো না, যেই প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবে, তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে।
সোমবার (১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলার বন্দরে সায়রা গার্ডেনে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: নবীগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
তিনি আরো বলেন, যেনতেন ভাবে কোনো নির্বাচনের আয়োজন হবে না। যেখানে জরিমানা করা দরকার, যেখানে জেল দেওয়া দরকার, ম্যাজিস্ট্রেটরা সবসময় তৎপর থাকবে এবং যথাযথ ব্যবস্থা নেবে।
নির্বাচনকালে পোস্টারের বিষয়ে তিনি বলেন, এবার নির্বাচনের সময় কোনো পোস্টার থাকবে না। তফসিল ঘোষণার সাথে সাথে আমরা এই বিষয়ে কঠোর হবো। প্রার্থীদের সবার জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য যা যা করার দরকার করবো।
আরও পড়ুন: শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন
নির্বাচন কেন্দ্রে আইন-শৃঙ্খলা বিষয়ে তিনি বলেন, কমিশনের একটি মনিটরিং সেল থাকবে। আইনশৃঙ্খলা এবং প্রশাসনের সমন্বয়ে যেকোনো মুহূর্তে সহজে সিদ্ধান্ত নিতে পারবেন তারা। আমরা আশা রাখি, এবারের নির্বাচন একটি সর্বোত্তম নির্বাচন হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন— নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোঃ হাসানুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, উপসচিব মোঃ মোস্তফা হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী প্রমুখ।





