সিংগাইরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, আটক ১

Sanchoy Biswas
হাবিবুর রহমান, সিংগাইর, মানিকগঞ্জ
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ন, ২২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৫৭ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে একটি বসতবাড়িতে লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল টিন কেটে ঘরে ঢুকে স্বর্ণালংকার, নগদ অর্থ এবং একটি মোটরসাইকেল লুটে নিয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি হলো সোনাটেংরা গ্রামের মৃত মনসুর আলীর ছেলে রায়হান শেখ (২০)।

ঘটনাটি ঘটে বুধবার (২১ জানুয়ারি) দিবাগত ভোর রাত ৪টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের সোনাটেংরা গ্রামের মোঃ ফারুক হোসেনের বাড়িতে।

আরও পড়ুন: শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

ভুক্তভোগী পরিবারের স্বজনরা জানান, তিনজনের একটি ডাকাত দল টিন কেটে ফারুক হোসেনের ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে দুইটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি, তিনটি স্বর্ণের কানের দুল, প্রায় ২১ ভরি রুপার অলংকার, নগদ অর্থ এবং একটি প্লাটিনা মোটরসাইকেল লুটে নিয়ে যায়।

ঘটনার পরপরই বিষয়টি বাগুলি তদন্ত কেন্দ্রের পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং লুট হওয়া মালামাল উদ্ধারে চেষ্টা চলছে।”