হান্নান মাসউদের পথসভায় ইট নিক্ষেপ, আহত ২

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৪ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:২৪ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এনসিপির অন্তত দুই কর্মী আহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের তালতলা বাজারে এ ঘটনা ঘটে। উপজেলা এনসিপির সভাপতি শামছুল তিব্রিজ জানান, হামলায় দলের অন্তত তিনজন কর্মী আহত হয়েছেন।

আরও পড়ুন: জাইমা রহমান চেলসি নারী দলের গোলকিপারের সুযোগ পেয়েছিলেন : ক্রীড়া প্রতিমন্ত্রী

তিনি বলেন, শুক্রবার তালতলা বাজারে হান্নান মাসউদের নির্বাচনি কার্যালয় ভাঙচুর করা হয়। শনিবার সন্ধ্যায় ওই কার্যালয় পরিদর্শনে আসেন তিনি। সেখানে কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন এবং সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন।

শামছুল তিব্রিজের অভিযোগ, পথসভা চলাকালে হঠাৎ পেছন দিক থেকে ইট নিক্ষেপ করা হয়, এতে কয়েকজন কর্মী আহত হন।

আরও পড়ুন: রাঙ্গুনিয়ায় বিএনপি নেতার বাড়িতে সশস্ত্র হামলা, গুলিবিদ্ধ ওসমান গনি

ঘটনার বিষয়ে হান্নান মাসউদ বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপির প্রার্থী পরিকল্পিতভাবে আমাদের নির্বাচনী কার্যালয় ভেঙে দিয়েছে। আজকের হামলাটিও একই ষড়যন্ত্রের অংশ।’

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে তিনি ইতোমধ্যে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। এর মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে বিএনপি প্রার্থী মাহবুবের রহমান শামীমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশের তিনটি টিম মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্ধকার স্থান থেকে একটি ইট নিক্ষেপ করা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।