চুয়াডাঙ্গায় ভোট গ্রহণ শেষ: ৩৫৪ কেন্দ্রে চলছে গণনা
চুয়াডাঙ্গা জেলার দুটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। বর্তমানে আসন দুটির মোট ৩৫৪টি কেন্দ্রে ভোট গণনা চলছে।
নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি ছিল। কোনো প্রকার বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনে এবার মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন: এমপি সালাহউদ্দিন আইউবীর উদ্যোগে জাতীয় সংসদ ভবন পরিদর্শনে কাপাসিয়ার ৮০ শিক্ষার্থী
মাঠের লড়াইয়ে যারা আছেন
চুয়াডাঙ্গা-১: এই আসনে লড়াই করছেন বিএনপির শরিফুজ্জামান শরিফ (ধানের শীষ), ১০-দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল (দাঁড়িপাল্লা) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী।
আরও পড়ুন: দুদকের মামলার আসামিকে ময়মনসিংহে নির্বাহী প্রকৌশলী পদে পদায়ন
চুয়াডাঙ্গা-২: এখানে প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিএনপির মাহমুদ হাসান খান বাবু (ধানের শীষ), জামায়াতে ইসলামীর রুহুল আমিন (দাঁড়িপাল্লা) এবং ইসলামী আন্দোলনের হাসানুজ্জামান সজীব (হাতপাখা)।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৩৫৪টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষে এখন প্রিজাইডিং কর্মকর্তারা ফলাফল প্রস্তুত করছেন। প্রতিটি কেন্দ্র থেকে ফলাফল সংগ্রহের পর তা রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি মোড়ে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখেছে।





