মুন্সীগঞ্জ-৩ আসন
পরিত্যক্ত মুদি দোকানে মিললো তিন বালতি ককটেল
মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের ঢালিকান্দি দোয়াদ্দ গ্রামে পরিত্যক্ত মুদি দোকান থেকে তিনটি বালতি ভর্তি ৫০টির অধিক তাজা ককটেল ও বেশ কয়েকটি চোরাই ব্যাটারি উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার রাত ৯ টায় সদর মোল্লাকান্দি ইউনিয়নের ঢালীকান্দি নোয়াদ্দ গ্রামের মানিক শিকদারের বাড়িতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব ককটেল উদ্ধার করে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাশকতা এড়াতে কয়েকদিন ধরেই এলাকায় টহল জোরদার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত ৯ টায় ঢালীকান্দি মানিক শিকদারের বাড়িতে অভিযান করে সেনাসদস্যরা। পরে পাশের একটি পরিত্যক্ত দোকানের ভেতরে ৩টি লাল প্লাস্টিকের বালতি দেখে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে দেখতে পায়, বালুভর্তি করে ৫০টির অধিক ককটেল মজুদ করা হয়েছে। এসময় একই জায়গা থেকে বেশ কিছু মোবাইল টাওয়ারে ব্যবহৃত চোরাই ব্যাটারি পাওয়া যায়।
আরও পড়ুন: সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
১৯ বীর মাওয়া সেনানিবাসের সিও লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, স্থানীয় থানায় হস্তান্তর করা হবে। এ বিষয়ে তারা পরবর্তী ব্যবস্থা নিবে।
স্থানীয় কয়েকজন বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় পূর্ব বিরোধের জেরে পক্ষ বিপক্ষের কারণে কিছু অসাধু লোক আধিপত্যের বলয় তৈরি করতে বিশৃঙ্খলা করতে চেয়েছিল। শনিবার সন্ধ্যায় নোয়াদ্দা এলাকায় মুন্সীগঞ্জ-৩ আসনে পরাজিত এমপি প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের উপর হামলা-ভাঙচুর চালায় স্থানীয় মোফাজ্জল, তার ছেলে জুয়েল ও মানিক শিকদার। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত
মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।





