সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত
সিরাজগঞ্জ পৌর এলাকার বিয়ারা ঘাটে বাসচাপায় আঁখি খাতুন (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি শহরের ফুড কেয়ার হোটেলের স্বত্বাধিকারী পার্টনার ফারুক হোসেনের স্ত্রী।
সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, রোববার সকালে মাদ্রাসা পড়ুয়া মেয়েকে শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এসআই পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও স্বজনরা মরদেহ নিয়ে যান।
আরও পড়ুন: সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মালশাপাড়া-মুলিবাড়ী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা আব্দ আলীম বলেন, নিউ ঢাকা রোড থেকে ঢাকামুখী কিছু কাউন্টার সার্ভিস বাস প্রতিদিনই বেপরোয়া গতিতে চলাচল করে। প্রশাসনকে জানিয়েও কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি।
আরও পড়ুন: পরিত্যক্ত মুদি দোকানে মিললো তিন বালতি ককটেল
যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ বাসটি চালকসহ আটক করেছে। আটক চালক শহরের সয়াধানগড়ার আশরাফুল ইসলাম আশা।
ওসি আমিরুল ইসলাম জানান, সদরে মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





