নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ, সহিংসতামুক্ত এবং সুষ্ঠু পরিবেশে হয়েছে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৫৯ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামগ্রিকভাবে শান্তিপূর্ণ, সহিংসতামুক্ত এবং সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংস্থাটি বলেছে, পূর্ববর্তী নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন ছিল বেশি নিরপেক্ষ ও উৎসবমুখর।

রোববার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম।

আরও পড়ুন: তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরওয়ের প্রধানমন্ত্রী

পর্যবেক্ষণের পরিসংখ্যান

ইজাজুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য দেশের ৬৪ জেলায় ৫৬৫ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়। তারা ১০০টি আসনের ১ হাজার ৭৩৩টি ভোটকেন্দ্রে নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এর মধ্যে ৩৪৭ জন পর্যবেক্ষক সরাসরি উপস্থিত থেকে ভোট গণনা প্রত্যক্ষ করেন।

আরও পড়ুন: ৩০ আসনে ভোট জালিয়াতির অভিযোগ দিতে ইসিতে ১১ দলীয় ঐক্যের নেতারা

তবে অন্তত ৪৮ জন পর্যবেক্ষককে ভোট গণনা কক্ষে প্রবেশ করতে দেওয়া হয়নি বা বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করা হয়।

যেসব অনিয়মের অভিযোগ

সংস্থাটির দাবি, সারাদেশে ভোট গ্রহণ সুষ্ঠু হলেও অন্তত ২১টি কেন্দ্রে কিছু অনিয়মের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

* সিলেট–৪ আসনের কাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি রাজনৈতিক দলের কর্মীদের কেন্দ্র দখলের অভিযোগ।

* সুনামগঞ্জের একটি কেন্দ্রে পর্যবেক্ষককে হেনস্থা করে বের করে দেওয়ার অভিযোগ।

* হবিগঞ্জ–৩ আসনের একটি কেন্দ্রে পর্যবেক্ষকদের প্রবেশে বাধা।

* ভোলার কিছু কেন্দ্রে হামলা ও ভোট জালিয়াতির অভিযোগ।

* বরিশাল বিভাগের কয়েকটি কেন্দ্রে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন।

* ময়মনসিংহ বিভাগের একটি কেন্দ্রে ৩০০ ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ।

* কিছু কেন্দ্রে ব্যালট বাক্সের নিরাপত্তা ব্যবস্থা খোলা থাকার তথ্য।

* ইসলামপুর থানার গাইবান্দা ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে অস্বাভাবিক হারে ভোট পড়ার তথ্য; একটি কেন্দ্রে দুপুর ২টার মধ্যেই প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে বলে জানানো হলেও প্রিজাইডিং কর্মকর্তা সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।

* রংপুর, কুমিল্লা, রাজশাহী, ঢাকা ও গাজীপুরের কিছু কেন্দ্রে পর্যবেক্ষকদের প্রবেশে বাধা ও গণনা পর্যবেক্ষণে প্রতিবন্ধকতা।

* কিছু কেন্দ্রে ভোটের আগে ব্যালট পেপারে স্বাক্ষর ও সিল দেওয়া এবং ভোটারদের ভোট আগে দেওয়া হয়ে যাওয়ার অভিযোগ; যদিও কয়েকটি ক্ষেত্রে চ্যালেঞ্জ ভোটের সুযোগ দেওয়া হয়েছে।

সামগ্রিক মূল্যায়ন

ইজাজুল ইসলাম বলেন, এসব বিচ্ছিন্ন ঘটনার বাইরে বড় ধরনের সহিংসতা বা গুরুতর অনিয়ম তাদের পর্যবেক্ষণে আসেনি। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান তিনি।

একই সঙ্গে নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের শান্তিপূর্ণ অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও সহনশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। চিহ্নিত অনিয়ম ও সীমাবদ্ধতা নিরসনে সরকার, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়।

সংবাদ সম্মেলনে এইচআরএসএসের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান, প্রোগ্রাম অফিসার মো. সাইফুল ইসলাম এবং ডকুমেন্টেশন অফিসার আব্দুল কাদের উপস্থিত ছিলেন।