নেপালকে বিদায় করে সবার আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৪০ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রথম দল হিসেবে ২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। আজ রবিবার(১৫ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে নেপালকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ–সেরা হয়ে শেষ আটের টিকিট কেটেছে ক্যারিবীয়রা।

প্রথমে ব্যাট করে নেপাল তোলে ৮ উইকেটে ১৩৩ রান। শাই হোপ ও শিমরন হেটমায়ারের ৯১ রানের জুটিতে চড়ে মাত্র ১ উইকেটে হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। অপর দিকে টানা তিন ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে নেপালের।

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে হারিয়ে সবার আগে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

রান তাড়ায় ক্যারিবীয়রা উদ্বোধনী জুটি থেকে পায় ৪৩ রান। ব্রান্ডন কিং ২২ রান করে ফেরার পর হেটমায়ারকে নিয়ে বাকি কাজ সারেন অধিনায়ক হোপ। ৪৪ বলের ইনিংসে ৫ চার ৩ ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন তিনি। হেটমায়ার মাঠ ছাড়েন নামের পাশে ৩২ বলে ৪৬ রান নিয়ে। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছয়।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই নড়বড়ে ছিল নেপালের ব্যাটিং। ২৩ রানে চার আর ৪৬ রানে পাঁচ উইকেট হারায় দলটি। সেখান থেকে দলটি এক শ পার করে দীপেন্দ্র সিং ঐরি ও সোমপাল কামির সৌজন্যে।

আরও পড়ুন: বিশ্বকাপে প্রথম অঘটন, অস্ট্রেলিয়াকে হারাল জিম্বাবুয়ে

দীপেন্দ্র শেষ ওভারে আউট হওয়ার আগে ৩টি করে চার ও ছক্কায় ৪৭ বলে করেন ৫৮ রান। সোমপালের ব্যাট থেকে আসে ১৫ বলে ২৬। তবে দলটির মাত্র ১৩৩ রানের পুঁজি ওয়েস্ট ইন্ডিজকে কোনো পরীক্ষাতেই ফেলতে পারেনি।

‘সি’ গ্রুপে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের পর নেপালকে হারিয়ে ক্যারিবীয়দের পয়েন্ট ৩ ম্যাচে ৬। সমান ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট ৪। ৩ ম্যাচ খেলা স্কটল্যান্ড ও ২ ম্যাচ খেলা ইতালির পয়েন্ট ২ করে। আর ৩ ম্যাচের সব কটিতে হেরে আনুষ্ঠানিকভাবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে নেপালের।