বাবা–মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শেষ করলেন তারেক রহমান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ন, ১০ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৫২ অপরাহ্ন, ১০ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকার ৮টি সংসদীয় আসনে জনসভা করার মধ্য দিয়ে এবারের জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযান শেষ করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে বাবা–মায়ের কবর জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

গত ২২ জানুয়ারি সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে বিএনপির নির্বাচনী প্রচার শুরু করেন তারেক রহমান। প্রায় ২০ দিনের এই প্রচারাভিযানের শেষ দিন সোমবার রাজধানীর বিভিন্ন নির্বাচনী এলাকায় ধারাবাহিক জনসভায় অংশ নেন তিনি।

আরও পড়ুন: ভোটের দিন প্রতি দুই ঘণ্টা পরপর ভোটের হার জানাবে ইসি

সোমবার দুপুরে বনানীতে নিজ নির্বাচনী এলাকায় জনসভা করে দিনের কর্মসূচি শুরু করেন বিএনপির চেয়ারম্যান। এরপর ঢাকা-১০, ঢাকা-৮সহ রাজধানীর মোট ৮টি আসনে পর্যায়ক্রমে জনসভায় অংশ নেন তিনি।

দিনের কর্মসূচি শেষে রাতে শেরেবাংলা নগরে যান তারেক রহমান। সেখানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি বাবা–মায়ের কবর জিয়ারত করেন।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচনী আচরণ লঙ্ঘনের গুরুতর অভিযোগ

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ২০ দিনের প্রচারাভিযানে তারেক রহমান ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৩০টির বেশি জনসভায় অংশ নেন। সিলেট সফরের সময় তিনি সিলেটের পাশাপাশি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জে জনসভা করেন।

ঢাকায় ফিরে ২৩ জানুয়ারি ভাষানটেকের বিআরবি মাঠে জনসভায় অংশ নেন তিনি। এরপর চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ, গাজীপুর ও উত্তরার জনসভায় বক্তব্য দেন।

উত্তরাঞ্চল সফরে রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জনসভায় যোগ দেন তারেক রহমান। রংপুর যাওয়ার পথে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। পরে বরিশাল, ফরিদপুর, ঠাকুরগাঁও ও দিনাজপুরেও জনসভায় অংশ নেন।

প্রচারের শেষ দুই দিনে ঢাকায় মোট ১৫টি জনসভায় অংশ নেন তারেক রহমান। সোমবার ঢাকার কর্মসূচির মধ্য দিয়েই তিনি এবারের জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযান শেষ করেন।