বগুড়ায় আবারও এক সপ্তাহে ৩ জন খুন
বগুড়ায় এক সপ্তাহের মধ্যে ৩ জন খুন হয়েছে। গতকাল (১৫ই ফেব্রুয়ারি) গাবতলী উপজেলার সোন্দাবাড়ী পূর্বপাড়া গ্রামের জামাল হোসেনের ছেলে পরিবহন ও বালু ব্যবসায়ী সাইফুল ইসলাম (৪০)-কে গলা কেটে খুন করা হয়েছে। এর আগে গত ১৩ই ফেব্রুয়ারি অটোরিকশা গ্যারেজ থেকে কিশোর আলিফকে গলা কেটে হত্যা এবং গত ১৪ই ফেব্রুয়ারি সকালে মাটিডালি মোড়ে ফাহিম নামে এক ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
উক্ত সাইফুল ইসলামের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে নিজ বসতবাড়ির সামনের যাতায়াতের রাস্তার ধারে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে গলা কেটে খুন করে সেখানে তার লাশ ফেলে রেখে চলে যায়।
আরও পড়ুন: ফেনীতে সোশ্যাল এইডের উদ্যোগে ৮৮০ পরিবারে মাংস বিতরণ
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত সাইফুল ইসলাম ০৭টি ট্রাকের মালিক ছিলেন এবং ট্রাক ভাড়া ও বালু ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার বৃদ্ধ পিতা-মাতা, স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। আরও জানা যায়, প্রতিদিনের মতো গত শনিবার রাতে ব্যবসার কাজ শেষে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি। সারা রাতভর মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও পরিবারের সদস্যরা তার কোনো খোঁজখবর পাননি। সকালে বাড়ির পাশেই তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হোসেন মুহাম্মদ রায়হান বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, ঘটনার সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়। তৎপর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ
তিনি আরও জানান, সাইফুল ইসলামকে গলা কেটে হত্যার ঘটনাসহ গত ০৩ দিনে ঘটে যাওয়া তিনটি হত্যাকাণ্ডই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।





