রূপগঞ্জে ছাত্রদল নেতার নেতৃত্বে অপর ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

Any Akter
শ্রী দিপু চন্দ্র ,রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৫৪ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ছাত্রদল নেতার নেতৃত্বে আরেক ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে তাঁকে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।রোববার সকালে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মেহেদি হাসান পাপ্পু (২৫)। তিনি স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কায়েতপাড়া ইউনিয়ন শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই এলাকার মনিরুল ইসলামের ছেলে এবং বর্তমানে একটি মুরগির খামারের ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।

আরও পড়ুন: ভালুকায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় এএসআই আটক

গুরুতর আহত অবস্থায় তাঁকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।এ ভর্তি করা হয়। আহত মেহেদি হাসান পাপ্পু বাংলাবাজার পত্রিকাকে বলেন, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ও ব্যক্তিগত শত্রুতা চলে আসছিল। সেই বিরোধের জের ধরেই রোববার সকালে খামারপাড়া এলাকায় তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়।

ভুক্তভোগীর অভিযোগ, সোহেল মিয়ার নেতৃত্বে তরিকুল, রিফাত ও আবিরসহ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে কুপিয়ে ও বেধড়ক মারধর করে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

আরও পড়ুন: বগুড়ায় আবারও এক সপ্তাহে ৩ জন খুন

এ বিষয়ে অভিযুক্ত সোহেল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় তিনি মুড়াপাড়া বাজারে ছিলেন এবং পরে ঘটনাটি সম্পর্কে শুনেছেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন বাংলাবাজার পত্রিকাকে বলেন, এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।