ত্রয়োদশ সংসদ নির্বাচন: কোন দল কত শতাংশ ভোট পেল?
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের চূড়ান্ত তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, সর্বোচ্চ ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি মোট ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ পেয়েছে। ২৯০টি আসনে প্রার্থী দেওয়া বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে।
আরও পড়ুন: আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনা বিবেচনা করবে ইসি
দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি ২২৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মোট ভোটের ৩১ দশমিক ৭৬ শতাংশ পেয়েছে এবং এককভাবে ৬৮টি আসনে জয় অর্জন করেছে।
তৃতীয় অবস্থানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নয়; বরং স্বতন্ত্র প্রার্থীরা সম্মিলিতভাবে বিএনপি ও জামায়াতের পরের অবস্থানে রয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা মোট ভোটের ৫ দশমিক ৭৯ শতাংশ পেয়েছেন। তারা দেশের ২৭৪টি আসনে বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।
আরও পড়ুন: ২৯৭ আসনের ফলাফলের গেজেট প্রকাশ শুক্রবারই , ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ
এরপর রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি মোট ভোটের ৩ দশমিক ০৫ শতাংশ পেয়েছে। ৩২টি আসনে প্রার্থী দেওয়া এনসিপির ছয়জন প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে মোট ভোটের ২ দশমিক ৭০ শতাংশ এবং একটি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিশ পেয়েছে ২ দশমিক ০৯ শতাংশ ভোট।
অন্যদিকে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে ১৯৯টি আসনে প্রার্থী দিলেও দলটির প্রাপ্ত ভোটের হার ০ দশমিক ৮৯ শতাংশে সীমিত রয়েছে।
এর বাইরে অংশ নেওয়া অন্যান্য দলগুলোর প্রাপ্ত ভোটের হার এক শতাংশের নিচে রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।





