আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও ডা. শফিকুর রহমান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:২০ অপরাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাদের এই ভাষণ রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার ভাষণও বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারের কথা রয়েছে।

আরও পড়ুন: গ্রেপ্তারের দাবিতে জিএম কাদেরের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ আজ সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হবে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, দলটির আমির ডা. শফিকুর রহমান রাত ৯টায় জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে রাজনৈতিক দলগুলোর দলীয় বক্তব্য সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিভিশন। এই উদ্যোগের অংশ হিসেবে ৮ ও ৯ ফেব্রুয়ারি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ সম্প্রচার করা হচ্ছে।

আরও পড়ুন: ‘আগেই ভালো ছিলাম’ ন্যারেটিভে সাধারণকে উস্কানির চেষ্টা

এর আগে, গতকাল রোববার জাতির উদ্দেশে ভাষণ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন ও গণভোট সামনে রেখে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক বক্তব্যে ভোটারদের মধ্যে আগ্রহ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।