রূপগঞ্জে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা

Sadek Ali
শ্রী দিপু চন্দ্র গোপ, রূপগঞ্জ
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৪০ পূর্বাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে।

ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল আউয়াল বাংলাবাজার পত্রিকাকে বলেন,গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের জানালার গ্লাস ভেঙে ভেতরে পেট্রোল বোমা ছুড়ে দেয়। এতে কার্যালয়ের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে যায়। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুসহ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি পুড়িয়ে দেওয়া হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষ টাকার বেশি বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: চবি ল্যাবরেটরী কলেজের ১১জন শিক্ষক হারালেন চাকরি

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু বাংলাবাজার পত্রিকাকে বলেন, রাতের আঁধারে কার্যালয়ে হামলা চালিয়ে বিএনপিকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বিজয় যারা মেনে নিতে পারেনি, তারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তিনি মনে করেন। তবে হামলাকে কেন্দ্র করে নেতাকর্মীদের শান্ত ও সংযত থাকার আহ্বান জানান তিনি।

এদিকে জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাংলাবাজার পত্রিকাকে বলেন, বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে দলকে দমিয়ে রাখা যাবে না। এ ধরনের ঘটনায় নেতাকর্মীরা আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়ে উঠবে বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন: সিলেট থেকে কারা হচ্ছেন নতুন সরকারের মন্ত্রী!

ঘটনাস্থলের পাশের একটি উন্নয়ন প্রকল্পের প্রহরী মোহাম্মদ খলিল জানান, ফজরের নামাজের আগ মুহূর্তে অজ্ঞাত এক ব্যক্তি তাকে ঘর থেকে বের হলে প্রাণনাশের হুমকি দেয়। কিছুক্ষণ পর তিনি পাশের ভবনে আগুন দেখতে পান।

ঘটনার খবর পেয়ে স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।