সারা দেশে দোয়া ও মোনাজাতের নির্দেশ তারেক রহমানের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয় প্রায় নিশ্চিত হওয়ার প্রেক্ষাপটে দলটির সর্বস্তরের নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি সারা দেশে দোয়া ও মোনাজাত করার আহ্বান জানালেও কোনো ধরনের বিজয় মিছিল বা সভা-সমাবেশ না করার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এক বিবৃতিতে এ নির্দেশনা দেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের প্রেসসচিব সালেহ শিবলী সই করা ওই বিবৃতিতে বলা হয়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে।
আরও পড়ুন: নওশাদের কাছে হারলেন সারজিস আলম, ব্যবধান ৮ হাজার ৩০৪ ভোট
একই সঙ্গে দেশের কোথাও কোনো বিজয় মিছিল, সভা বা সমাবেশ না করার জন্য দলীয় নেতাকর্মীদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এ সময় সবাইকে শান্তিপূর্ণ, সংযত ও শৃঙ্খলাবদ্ধ আচরণ বজায় রাখতে হবে।
দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। বিএনপির এই অবস্থানকে সম্ভাব্য বিজয়ের মুহূর্তে রাজনৈতিক পরিপক্বতা ও দায়িত্বশীলতার বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: ঢাকা-৮ আসনে পরাজিত নাসীরুদ্দীন পাটওয়ারী, জয়ী মির্জা আব্বাস





