নারায়ণগঞ্জ–১ আসনে বিপুল ভোটে বিএনপির প্রার্থী দিপু ভুঁইয়ার জয়
নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) সংসদীয় আসনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। ১২৯টি ভোটকেন্দ্রের সব কটির গণনা শেষে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন।
ধানের শীষ প্রতীক নিয়ে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪২১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট। এতে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৬৫ হাজারেরও বেশি। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ইমদাদুল্লাহ হাসেমী হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ১৭১ ভোট।
আরও পড়ুন: ভুয়া এজেন্ট সেজে ভোট কেন্দ্রে অবস্থান, জামায়াত নেতাসহ ১২ জনের সাজা
ভোটগ্রহণের দিন সকাল থেকেই উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ও পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ভোট গণনা সম্পন্ন হয়।
নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসনের সংসদীয় নম্বর ২০৪। বৃহস্পতিবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: ধামরাইয়ে নাতনিকে নিয়ে ভোট দিলেন বিএনপির প্রার্থী তমিজ উদ্দিন
ফলাফল ঘোষণার পরপরই বিভিন্ন এলাকায় বিজয়ী প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তারা মিছিল, স্লোগান ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বিজয় উদযাপন করেন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এ নির্বাচনের মাধ্যমে রূপগঞ্জের রাজনীতিতে একটি নতুন বাস্তবতা ও নতুন প্রত্যাশার জন্ম হয়েছে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে দিপু ভুঁইয়ার প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে বলে মনে করেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু রূপগঞ্জের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন, মাদক ও সন্ত্রাস দমন এবং তরুণ সমাজকে গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত করার ক্ষেত্রে কার্যকর ও দৃশ্যমান ভূমিকা রাখবেন।
সব মিলিয়ে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, উচ্চ ভোটার উপস্থিতি এবং সুশৃঙ্খলভাবে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসনের নির্বাচন একটি গ্রহণযোগ্য ও ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। নবনির্বাচিত সংসদ সদস্যের হাত ধরেই রূপগঞ্জে উন্নয়ন, নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে এমন আশাই করছেন সাধারণ মানুষ।
এ সময় মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বিজয় উদযাপনের সময় বলেন,এ জয় শুধু আমার নয়,এটি দেশের নায়ক তারেক রহমানের জয়। রূপগঞ্জের মানুষ উৎসবমুখরভাবে ভোট দিয়েছেন এবং এর মাধ্যমে গনতন্ত্র আবার ফিরে এসেছে। এটি রূপগঞ্জবাসীর জয়, এবং তাদের আস্থা ও সমর্থনকে আমি চিরকাল সম্মান জানাবো।
আমি চাই, দলমত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত করে রূপগঞ্জকে একটি স্বপ্নের শহরে রূপান্তরিত করতে। এটি আমার জন্য বিশাল দায়িত্ব, এবং আমি আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি এই দায়িত্ব সঠিক ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি। রূপগঞ্জবাসীর কল্যাণে কাজ করা, মাদক নির্মূল করা এবং এলাকার উন্নয়ন ও সুষ্ঠু সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখা আমার প্রধান লক্ষ্য। রূপগঞ্জবাসীর সবাইকে নিয়ে একসাথে একটি স্বপ্নের রূপগঞ্জ গড়ে তোলাই আমার উদ্দেশ্য।





