হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থন পাওয়া জসিমের ভোট বর্জন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৪৮ পূর্বাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি এই আসনে বিএনপির সমর্থনও পেয়েছিলেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে ভোট গ্রহণ শেষ হওয়ার পর জসিম উদ্দিন ভোট বর্জনের ঘোষণা দেন। এই আসনে আলোচিত প্রার্থী, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

আরও পড়ুন: গ্রেপ্তারের দাবিতে জিএম কাদেরের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ

জসিম উদ্দিন ফেসবুক লাইভে দাবি করেন, ভোটের সময় আইনশৃঙ্খলা বাহিনী তার সহযোগিতা করেনি এবং ভোটে কারচুপি হয়েছে। তিনি অভিযোগ করেন, কালো টাকা বিতরণ করা হয়েছে এবং তার এজেন্টসহ কর্মী-সমর্থকদের মারধর করা হয়েছে।

তিনি বলেন, “আজকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার সুবিল, বড়শালঘর, ইউসুফপুর রসুলপুর ও মাসিকারা ইউনিয়নে ভোটে অনিয়ম হয়েছে। ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে এবং আমাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে। নেতাকর্মীদের রক্তাক্ত ও আহত করা হয়েছে, বাড়ি বাড়ি হুমকি দেওয়া হয়েছে। সারাদিন তারা ভোট কিনেছে, এখন নিজস্বভাবে ভোট গণনা করছে। আমি দেবিদ্বারের জনগণের কথা চিন্তা করে ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।”

আরও পড়ুন: ‘আগেই ভালো ছিলাম’ ন্যারেটিভে সাধারণকে উস্কানির চেষ্টা

জসিম আরও বলেন, প্রশাসন তার দলকে কোনো সহযোগিতা করেনি। বারবার যোগাযোগের চেষ্টা করলেও সহায়তা মেলেনি।

তবে স্থানীয়দের বরাতে জানা গেছে, দিনভর এ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে এবং সাধারণ ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোট দিয়েছেন।

এদিকে, জসিম উদ্দিনের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, ভোট গ্রহণ শেষে নিশ্চিত পরাজয় অনুধাবন করে জসিম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।