সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজারে র‍্যাবের মোবাইল কোর্টে ৪ লাখ ২৩ হাজার টাকা জরিমানা

Sanchoy Biswas
চন্দন কুমার দেব, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ন, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ৮:২৮ অপরাহ্ন, ০২ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-০৯ সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজার জেলায় ১ মার্চ ২০২৬ তারিখে পৃথক পৃথক মোবাইল কোর্ট অভিযানে ১১টি প্রতিষ্ঠান ও দোকানকে মোট ৪ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করেছে।

র‍্যাব সূত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং কৃষি বিপণন আইন, ২০১৮ বাস্তবায়নে রোববার উল্লেখিত তিনটি জেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় নিম্নোক্ত প্রতিষ্ঠান ও দোকানকে উল্লেখিত পরিমাণ জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: শ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা

সিলেট: জেলার কোতোয়ালি থানাধীন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ‘মেসার্স মুন বাণিজ্যালয়’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে আলিফ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা, আয়াত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ১ লাখ টাকা, নাজ মেডিকেল সেন্টার অ্যান্ড জেনারেল হাসপাতালের মালিককে ২০ হাজার টাকা এবং স্ট্যান্ডার্ড হাসপাতাল অব টোটাল হেলথ কেয়ারের মালিককে ২ লাখ টাকা (মোট ৪ প্রতিষ্ঠানে ৩ লাখ ৭০ হাজার টাকা) জরিমানা করা হয়।

আরও পড়ুন: শ্রীপুরে চৌক্কার খাল পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী এ্যানি, খালটির পুনরুজ্জীবনে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি

মৌলভীবাজার: শ্রীমঙ্গল নতুন বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬টি দোকানকে যথাক্রমে ৫ হাজার, ৭ হাজার, ১০ হাজার, ৫ হাজার, ১০ হাজার ও ৬ হাজার টাকা (মোট ৪৩ হাজার টাকা) জরিমানা করা হয়।

র‍্যাব-৯, সিলেট-এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থ রক্ষায় তাদের গোয়েন্দা তৎপরতা ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।