বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আশুলিয়ার গৌরীপুরে অবস্থিত আলটিমেট ফ্যাশন লিমিটেড-এর শ্রমিকরা আইনানুগ বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে কারখানার সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: চারঘাটে নির্মাণ কাজে অনিয়ম হলেই ব্যবস্থা গ্রহণ: এমপি চাঁদ
মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ। তিনি বলেন, আলটিমেট ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের বকেয়া পাওনা তাদের ন্যায্য অধিকার। কিন্তু কর্তৃপক্ষ বারবার চুক্তি ভঙ্গ করে শ্রমিকদের সঙ্গে অবিচার করছে।
তিনি আরও বলেন, শ্রমিকদের কঠোর পরিশ্রমের মাধ্যমেই কারখানাটি সচল থাকে। অথচ সেই শ্রমিকরাই আজ তাদের প্রাপ্য বেতন ও পাওনা থেকে বঞ্চিত। শ্রমিকরা বারবার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাইলেও কর্তৃপক্ষ তাতে গুরুত্ব দেয়নি।
আরও পড়ুন: দেশে সয়াবিনের বাৎসরিক চাহিদা ১৬ লাখ মেট্রিক টন
মানববন্ধন থেকে শ্রমিক নেতারা দুটি দাবি তুলে ধরেন। প্রথমত, আগামী চার কর্মদিবসের মধ্যে সকল শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধ করতে হবে। দ্বিতীয়ত, বকেয়া পাওনা পরিশোধের বিষয়ে শ্রমিকদের সঙ্গে করা পূর্বের চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।
বক্তারা বলেন, শ্রমিকরা কোনো ধরনের বিশৃঙ্খলা চান না; তারা শুধু তাদের ন্যায্য পাওনা চান। তবে আগামী মঙ্গলবারের মধ্যে সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এ সময় উপস্থিত শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে বকেয়া পাওনা না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত পাওনা পরিশোধের মাধ্যমে শ্রমিকদের দুর্ভোগের অবসান ঘটানোর জন্য কারখানা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধনে কারখানার বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন।





