আন্তর্জাতিক নারী দিবসে আশুলিয়ায় নারী শ্রমিকদের র‍্যালি ও সমাবেশ

Sadek Ali
জাহাঙ্গীর আলম প্রধান, আশুলিয়া
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ন, ০৮ মার্চ ২০২৬ | আপডেট: ৬:৫০ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আশুলিয়ার বাইপাইল মোড়ে গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নারী শ্রমিকদের অধিকার, কর্মক্ষেত্রে সমতা, নিরাপত্তা এবং ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন কারখানার নারী ও পুরুষ শ্রমিক অংশ নেন। র‍্যালিটি বাইপাইল মোড় এলাকা প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

আরও পড়ুন: রায়পুরে উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক।

এ সময় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার। সংহতি বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু,শ্রমিক নেতা মাসুদ রানা সুলতান। এছাড়া নারী শ্রমিক কবিতা, রেবেকা আক্তারসহ আরও অনেকে বক্তব্য দেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার

বক্তারা বলেন, গার্মেন্টস খাতে বিপুল সংখ্যক নারী শ্রমিক কাজ করলেও তারা এখনো ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। অনেক ক্ষেত্রে কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা, স্বাস্থ্যসেবার অভাব এবং হয়রানির মতো সমস্যার মুখোমুখি হতে হয়।

তারা দাবি জানান, নারী শ্রমিকদের জন্য কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিতে হবে এবং ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি কর্মক্ষেত্রে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহের ব্যবস্থাও করার আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, নারী শ্রমিকদের প্রতি সহিংসতা, বৈষম্য ও হয়রানি বন্ধ করে কর্মক্ষেত্র ও সম্পত্তিতে সমঅধিকার ও সমমর্যাদা নিশ্চিত করতে হবে। নারীর ক্ষমতায়ন ও কন্যাশিশুর উন্নয়ন নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে নারী শ্রমিকদের অধিকার বাস্তবায়নের দাবিতে সংহতি প্রকাশ করে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।