সংবাদ প্রকাশের জেরে মামলায় কিশোরগঞ্জে এক সাংবাদিক ২৪ দিন ধরে কারাবন্দী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:৩৫ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুরে সংবাদ প্রকাশের জেরে ‘মিথ্যা’ মামলায় ২৪ দিন ধরে কারাবন্দী সাংবাদিক খায়রুল ইসলাম ফকির (৪০)। দীর্ঘদিন কারাবন্দী থাকার কারণে তার পরিবার দিশেহারা। বুধবার খায়রুলের মুক্তি ও মামলা থেকে অব্যাহতির দাবিতে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে খায়রুল ইসলামের বৃদ্ধ মা, স্ত্রী ও সন্তানরা উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন, স্থানীয় এক প্রভাবশালীর প্রতিহিংসার শিকার হয়েছেন খায়রুল।

আরও পড়ুন: শ্রীপুরে পোশাক কারখানার তিন কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি, কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের পোল্যান্ডপ্রবাসী আসাদুজ্জামান কিরণ এবং প্রতিবেশী নজরুল ইসলামের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় দুপক্ষের মধ্যে মারামারি ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ২৭ ফেব্রুয়ারি খায়রুল ওই সংবাদ অনলাইন নিউজ পোর্টালে প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হন আসাদুজ্জামান কিরণ।

এরপর ২ মার্চ নজরুল ইসলাম বাদী হয়ে কিরণসহ আটজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। তিন দিন পর ৫ মার্চ কিরণের বোন আনুরা বাদী হয়ে পাল্টা মামলা দায়ের করেন।

আরও পড়ুন: শসা চাষে লোকসান, হতাশায় সিংগাইরের কৃষক

সেই মামলায় খায়রুল ইসলাম ফকিরকে প্রধান আসামি করে ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়। পরিবারের দাবি, বিত্তশালী কিরণ পুলিশকে প্রভাবিত করে উদ্দেশ্যমূলকভাবে খায়রুলকে এই মামলায় জড়িয়েছেন।

৯ মার্চ খায়রুল আদালতে আত্মসমর্পণ করলে জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর পর থেকে তিনি কারাবন্দী রয়েছেন।

সংবাদ সম্মেলনে খায়রুলের স্ত্রী খোশনাহার আক্তার (৩৩) বলেন, “আমার স্বামী ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না। কেবল সংবাদ প্রকাশের অপরাধে তাঁকে অপরাধী বানানো হয়েছে।”

খায়রুলের সত্তরোর্ধ্ব মা নূরজাহান বলেন, “আমার ছেলে নির্দোষ। সত্য লিখে যদি তাকে জেলে যেতে হয়, তবে আমরা বিচার পাব কার কাছে?” তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা থেকে খায়রুলের নাম প্রত্যাহার এবং মুক্তির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।