বৃহত্তর ময়মনসিংহ সমিতির সিনিয়র সহ-সভাপতি মাহফিজুর রহমান বাবুল আর নেই

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের একজন বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক মাহফিজুর রহমান বাবুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ রোববার বিকাল আনুমানিক ৪টা ৫০ মিনিটে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা’র সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। এর আগে তিনি ২০১৫–২০১৬ মেয়াদে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে তিনি ময়মনসিংহ অঞ্চলের উন্নয়ন, সামাজিক সংহতি এবং বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুর পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের হাতাহাতি, ওসিসহ আহত ১০

সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে তিনি ছিলেন একজন নিষ্ঠাবান, সৎ ও নিবেদিতপ্রাণ সংগঠক। তাঁর মৃত্যুতে বৃহত্তর ময়মনসিংহবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল ৬ এপ্রিল (সোমবার) বাদ মাগরিব রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ মেডিকেল কলেজ স্টাফ কোয়ার্টার জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

আরও পড়ুন: বিসিবি নির্বাচন ঘিরে অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা পড়েছে- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা’র পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে ময়মনসিংহবাসী—এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।