জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ!
পটুয়াখালীর বাউফলে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে কেশবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহজাহান গাজীকে প্রায় দেড়ঘণ্টা অবরোধ করে রাখার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজারে এ ঘটনা ঘটে।
জেলেদের অভিযোগে জানা গেছে, তাদের কাছ থেকে চাল বিতরণের জন্য একশ করে টাকা নেওয়া হয়েছিল। এছাড়া অনেক নিবন্ধিত জেলেকে চাল দেওয়া হয়নি। আবার সরকার প্রতি জেলের জন্য ৮০ কেজি চাল বরাদ্দ দিলেও প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যরা জেলেদের ৬০/৭০ কেজি চাল দিয়েছেন। এ অনিয়মের কারণ জানতে প্যানেল চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা হলে বাগবিতণ্ডা সৃষ্টি হলে এসময়ে ক্ষোভের মুখে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। অবরুদ্ধ অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: সিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
অভিযোগের বিষয়ে জানতে প্যানেল চেয়ারম্যান শাহজাহান গাজীর বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সংযোগ বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, এ বিষয়ে এখনো আমাকে কিছু জানানো হয়নি। তবে তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হবে।
আরও পড়ুন: পলিমাটি'র উদ্যোগে বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান





