চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

Sanchoy Biswas
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:৪০ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার আশুলিয়ার বগাবাড়ী বাজারে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় বগাবাড়ী বাজারস্থ ফেডারেশন অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

এতে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক। সংহতি বক্তব্য দেন শ্রমিক নেতা অরবিন্দু বেপারী বিন্দু, মনসুর আলী, মাসুদ রানা সুলতান প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, গত ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় মাদক কারবারি মামুন ও তার সহযোগীরা শ্রমিক ইউনিটির কার্যালয়ে এসে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আরও পড়ুন: নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

তাদের দাবি, বেশ কিছুদিন ধরে ওই চক্রটি সংগঠনের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এই হামলার ঘটনা ঘটানো হয়েছে।

বক্তারা আরও বলেন, হামলাকারীরা হুমকি দিয়ে বলেছে, চাঁদা না দিলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম ও থানা কমিটির সভাপতি নাজমুল হককে যেখানে পাওয়া যাবে, সেখানেই গুম করা হবে। এমন হুমকিতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সমাবেশ থেকে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে শ্রমিক সংগঠনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।