চরিত্র গঠন ও আত্মউন্নয়ন মানুষকে স্থায়ী প্রশান্তি দেয় : হাসনাত আব্দুল্লাহ

Any Akter
এটিএম সাইফুল ইসলাম মাসুম,কুমিল্লা ব্যুরো চীফ
প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:০৬ অপরাহ্ন, ২২ জুন ২০২৬
ছবিঃ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ।
ছবিঃ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রকৃত সাফল্য কেবল একাডেমিক অর্জনে নয়, বরং আত্মতুষ্টি ও আত্মশুদ্ধির মধ্যেই নিহিত।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলা হলরুমে আয়োজিত জুনিয়র, জুনিয়র দাখিল ও ইবতেদায়ী পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬’-এর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: সারওয়ার আলমের আকস্মিক প্রত্যাহারে ফুঁসছে সিলেট

এর আগে একই দিনে তিনি দেবিদ্বার উপজেলা প্রশাসনের আয়োজিত ভূমি সংক্রান্ত সেবার মানোন্নয়ন ও সমস্যা সমাধান বিষয়ক নাগরিক সমাবেশেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ বলেন, জাগতিক অর্জন ক্ষণস্থায়ী হলেও চরিত্র গঠন ও আত্মউন্নয়ন মানুষের জীবনে স্থায়ী প্রশান্তি এনে দেয়। বর্তমান সময়ে সামাজিক ও মানসিক পরিবর্তনের কারণে অনেক মেধাবী শিক্ষার্থী নবম-দশম শ্রেণিতে উঠে ঝরে পড়ে—এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: সাভারে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব থেকে দূরে থেকে নিজের লক্ষ্য স্থির রাখতে হবে। তথাকথিত সমালোচনায় বিচলিত না হয়ে অধ্যবসায় চালিয়ে যেতে হবে। একইসঙ্গে অপ্রয়োজনীয় যোগাযোগ কমিয়ে ‘ডি-নেটওয়ার্কিং’-এর মাধ্যমে আত্মউন্নয়নে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর এবং দেবিদ্বার মফিজ উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানসহ স্থানীয় শিক্ষকনেতারা।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিরা।