শরীয়তপুরে নিখোঁজের ২৫ দিন পরে পুরাতন কবরের মধ্যে মিলল ভ্যানচালকের মরদেহ

Sanchoy Biswas
মিরাজ পালোয়ান, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ন, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:১৩ অপরাহ্ন, ২০ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শরীয়তপুরের আংগারিয়ায় নিখোঁজ হওয়ার ২৫ দিন পর মনু বেপারী (৬৫) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) বিকালে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের চর চটাং এলাকার মাদবর বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ফরিদপুরে ফ্ল্যাগভিত্তিক আগাম সতর্কতা ব্যবস্থা নিয়ে বন্যা প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত

স্বজনরা জানায়, গত ২৫ দিন ধরে হঠাৎ করেই স্বজনদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় মনুর। নিখোঁজের বিষয়টি স্থানীয়রাও খেয়াল করেন। তারা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে গত ১৩ এপ্রিল পালং মডেল থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেন মনুর বোন মিনারা বেগম।

আজ সোমবার সকালে মনুর বোন মিনারা বেগম বাড়ির পাশে তিন বছর আগে মারা যাওয়া মামাতো ভাই সাহেব আলী মাদবরের কবরে নতুন মাটি দেখতে পেলে সন্দেহের সৃষ্টি হয়। এছাড়াও তার মামাতো ভাইয়ের ছেলে ফারুক মাদবরের পরিত্যক্ত ঘরের মধ্যে একটি রহস্যজনক গর্ত খুঁজে পায় স্থানীয়রা।

আরও পড়ুন: এলাকার উন্নয়নে একনিষ্ঠ কবীর আহমেদ ভূঞা, একের পর এক মন্ত্রণালয়ে দাবিপত্র পাঠালেন

বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ পুরাতন কবরে মনুর মরদেহ দেখতে পায়। এদিকে ঘটনা চারদিকে ছড়িয়ে পড়লে মনু বেপারীর মামাতো ভাইয়ের ছেলে ফারুক মাদবর ও স্ত্রী পারভীন গা ঢাকা দেয়। এ ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার দাবি স্বজন ও স্থানীয়দের।

মনু বেপারীর মেয়ে মিম আক্তার অভিযোগ করে বলেন, আমার মা যাওয়ার পর একই গ্রামে মৃত সিরাজ মোল্লার স্ত্রীকে আমার বাবা জমি বিক্রি করে ৭ লাখ টাকা দিয়ে বিয়ে করেন। পরে সে মহিলা আমার বাবাকে টাকা নিয়ে ডিভোর্স দেয়। এই ঘটনায় বাবা একটি মামলা করে। সে কারণে সে ক্ষিপ্ত হয়ে বাবার মামাতো ভাইয়ের ছেলে ফারুক ও তার স্ত্রীকে টাকা খাইয়ে বাবাকে মেরে ফেলেছে। তারা লাশ গুম করার জন্য একটি ঘরের মধ্যে মাটিচাপা দিয়ে রেখেছিল, সেখান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে ভেবে পুরাতন কবরে রেখে এসেছে। আমি আমার বাবার হত্যার বিচার চাই।

মনু বেপারীর বোন মিনারা বেগম বলেন, আমি আমার ভাইকে অনেক জায়গায় খুঁজেছি। কিন্তু তাকে খুঁজে পাইনি। আমি থানায় জিডি করেছি। আমার ভাই তার স্ত্রীর বিরুদ্ধে যে মামলা করেছিল, তার আগামীকাল আদালতে শুনানি ছিল। আমার ভাইয়ের বউ লোকজন দিয়ে আমার ভাইকে মেরে ফেলেছে। আমরা এই ঘটনার সবার বিচার চাই।

বিষয়টি নিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, গত ১৩ তারিখ মনু বেপারীর নিখোঁজের জিডি হয়েছিল। তার অনুসন্ধান করতে এসে নিখোঁজ ব্যক্তির সন্ধান পুরাতন একটি কবরের মধ্যে পাওয়া যায়। আমরা ধারণা করছি, কেউ তাকে হত্যা করে মাটির নিচে রেখেছে। মরদেহটি যেহেতু মাটির নিচে, তাই ম্যাজিস্ট্রেট ও আদালতের প্রক্রিয়া শেষে মরদেহটি উত্তোলন করে সুরতহাল ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।