উখিয়া সীমান্তে বিজিবির অভিযান: ১.৪০ লাখ ইয়াবা জব্দ, পাচারকারী পলাতক
কক্সবাজারের উখিয়া সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা। বিজিবি সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল পালংখালী ইউনিয়নের বাহারপাড়া গুইজা খাল এলাকায় অবস্থান নেয়। আনুমানিক রাত পৌনে ৯টার দিকে এক সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহলদল তাকে চ্যালেঞ্জ করে।
এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি তার সাথে থাকা একটি বস্তা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভেতর খাকি রঙের প্যাকেট এবং তার মধ্যে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কসবার সাংবাদিক দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার
এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া মাদক পাচারকারীকে শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





