ব্রাহ্মণবাড়িয়ায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবি

Sanchoy Biswas
সঞ্জীব ভট্টাচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:০০ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় একটি পূর্ণাঙ্গ আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং ইনস্টিটিউট স্থাপনের দাবিতে সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন বিএনপি কর্তৃক প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের এমপি প্রার্থী ও ভূঞা গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান কবীর আহমেদ ভূঞা। ২৮ এপ্রিল ২০২৬ তারিখে এলাকাবাসীর পক্ষে এই চিঠি প্রেরণ করা হয়। একটি জনবহুল ও ঐতিহ্যবাহী জেলায় আধুনিক সামরিক চিকিৎসা প্রতিষ্ঠান স্থাপনের এই দাবি ইতিমধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

চিঠিতে কবীর আহমেদ ভূঞা উল্লেখ করেন, ব্রাহ্মণবাড়িয়া একটি জনবহুল ও ঐতিহাসিক জেলা হলেও এখানে কোনো আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও হাসপাতাল বা নার্সিং ইনস্টিটিউট নেই। এই শূন্যতা পূরণে তিনি আখাউড়া উপজেলার ধরখার ও সদর উপজেলার উজানীসারের মাঝখানে অবস্থিত বিশাল খালি জায়গাটিকে সবচেয়ে আদর্শ স্থান হিসেবে চিহ্নিত করেছেন। চট্টগ্রাম-কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত এই স্থানটি জেলা শহর থেকে অনতিদূরে এবং ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেটের মতো প্রধান শহরগুলো থেকেও সহজে যোগাযোগযোগ্য। ফলে এই স্থানটি একটি বৃহৎ চিকিৎসা প্রতিষ্ঠান স্থাপনের জন্য ভৌগোলিকভাবে অত্যন্ত উপযোগী।

আরও পড়ুন: পাথরের আঘাতে রক্তাক্ত রেলযাত্রা, যাত্রীদের নিরাপত্তায় প্রতিমন্ত্রীর দরজায় কড়া নাড়লেন কবীর ভূঞা

কবীর আহমেদ ভূঞা চিঠিতে আরও জানান, এই প্রতিষ্ঠান স্থাপিত হলে ব্রাহ্মণবাড়িয়াসহ পার্শ্ববর্তী জেলাগুলোর লাখো মানুষ আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবার আওতায় আসবেন। একই সঙ্গে নার্সিং ইনস্টিটিউট স্থাপনের ফলে এই অঞ্চলে দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরি হবে, যা দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি সেনাপ্রধানের ব্যক্তিগত উদ্যোগ ও সক্রিয় ভূমিকা কামনা করেন।

এলাকাবাসী বলছেন, কবীর আহমেদ ভূঞার এই উদ্যোগ সত্যিকার অর্থেই অভূতপূর্ব। সেতু নির্মাণে বরাদ্দ, মিনি স্টেডিয়াম, পৌরসভা প্রস্তাব, বৃক্ষরোপণ কর্মসূচি, ঈদগাহ ও কবরস্থান উন্নয়নের পর এবার সরাসরি সেনাপ্রধানকে চিঠি দিয়ে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবি জানানো — এটি একজন দূরদর্শী নেতার পরিচয় বহন করে। তাঁরা মনে করেন, কবীর আহমেদ ভূঞা শুধু বর্তমানের কথা নয়, ভবিষ্যৎ প্রজন্মের কথাও ভাবেন।

আরও পড়ুন: শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি আবুল হোসেন, সম্পাদক রবীন

উল্লেখ্য, চিঠির অনুলিপি জেলা প্রশাসক এবং সদর ও আখাউড়া উপজেলা নির্বাহী অফিসারকেও পাঠানো হয়েছে। এলাকাবাসী গভীর আশাবাদ ব্যক্ত করে বলছেন, কবীর আহমেদ ভূঞার এই সাহসী ও যুগান্তকারী উদ্যোগ সফল হলে ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্যসেবার ইতিহাসে এটি একটি মাইলফলক হয়ে থাকবে এবং এই অঞ্চলের মানুষের জীবনে আমূল পরিবর্তন আসবে।