নাসিরনগরে বিস্ফোরক মামলায় একই দিনে দুই ইউপি চেয়ারম্যান আটক
বিস্ফোরক আইনে মামলায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় একই দিনে দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। তারা হলেন গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম চৌধুরী এবং চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নাসিরনগর উপজেলা পরিষদের সামনে থেকে রফিকুল ইসলামকে এবং সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে আজহারুল ইসলাম চৌধুরীকে আটক করা হয়।
আরও পড়ুন: মেঘনায় নিখোঁজ সেই জেলের মরদেহ উদ্ধার, বিয়ের দুই সপ্তাহেই সব শেষ
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দৈনিক বাংলাবাজার পত্রিকাকে জানান, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান বাদী হয়ে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা করেন। ওই মামলায় এ দুজন চেয়ারম্যান এজাহারভুক্ত আসামি। তাদের আটক করে আদালতে পাঠানো হয়েছে।





