বগুড়ায় ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার, ৪টি অটো-ইজিবাইক উদ্ধার

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ন, ০৬ মে ২০২৬ | আপডেট: ৩:১১ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বগুড়ায় ছিনতাই চক্রের মূল হোতাসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে এবং ৪টি অটোরিক্সা ও ইজিবাইক উদ্ধার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান বুধবার (৬ মে) এক প্রেস ব্রিফিংয়ে জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয়ে প্রতারণার মাধ্যমে অটোরিক্সা ও ইজিবাইক ছিনতাই করে আসছিল। তাদের কাছ থেকে ২টি ওয়াকিটকি সেট, ১টি প্রাইভেটকার এবং ৬টি মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী

তিনি আরও জানান, গত ২৫ এপ্রিল এক ইজিবাইক চালক যাত্রী বহনের সময় প্রতারণার শিকার হন। ছিনতাইকারীরা নিজেদের সিভিল পুলিশ পরিচয় দিয়ে কৌশলে তাকে বিভ্রান্ত করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ৫ মে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশনায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে শহরের চারমাথা এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৫ জনকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের হারাগাছ এলাকায় অভিযান চালিয়ে আরও ২ জনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ছিনতাইকৃত যানবাহনগুলো রংপুরে বিক্রি করা হয়েছিল। পরবর্তীতে সেখান থেকে ৪টি ইজিবাইক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও চুরি ও দস্যুতার একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: জীবননগরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশী নারী আটক

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।