গাজীপুরে একই পরিবারের ৫ জনকে হত্যা, গোপালগঞ্জে দাফন সম্পন্ন

Sadek Ali
গাজাীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ন, ১০ মে ২০২৬ | আপডেট: ৬:২৮ অপরাহ্ন, ৩১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের পাঁচ সদস্যকে গোপালগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

রোববার (১০ মে) বেলা ১১টার দিকে জানাজা শেষে মরদেহগুলো গোপালগঞ্জ সদর-এর পাইককান্দি উত্তর চরপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ইয়াবাসহ ফের গ্রেপ্তার ভেলকা শাহিন

নিহতরা হলেন শারমিন আক্তার (৩৫), তার তিন সন্তান মিম আক্তার (১৫), মারিয়া (১২), ফারিয়া (১) এবং শারমিনের ভাই রসুল হোসেন। তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার ওই এলাকায়।

পারিবারিক সূত্র জানায়, শনিবার (৯ মে) ভোররাতে গাজীপুর থেকে ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। একসঙ্গে পাঁচজনের মরদেহ পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

আরও পড়ুন: শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

স্থানীয়রা জানান, শারমিন আক্তার দীর্ঘদিন ধরে স্বামী ফোরকান মিয়ার সঙ্গে গাজীপুরে বসবাস করতেন। তবে তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল বলে জানা গেছে।

ঘটনার পর থেকেই শারমিনের স্বামী ফোরকান মিয়া পলাতক রয়েছেন। পুলিশ ও স্বজনদের প্রাথমিক ধারণা, তিনিই এ হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে গেছেন।

অভিযোগ অনুযায়ী, শুক্রবার (৮ মে) বিকেলে ফোরকান চাকরির কথা বলে শ্যালক রসুল হোসেনকে বাসায় ডেকে নেন। পরে রাতের কোনো এক সময় শারমিন, তার তিন সন্তান ও রসুলকে গলা কেটে হত্যা করা হয়।

বাংলাদেশ পুলিশ ঘটনাটির তদন্ত করছে। স্থানীয়রা দ্রুত আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।