ফেনীতে আদালতের এজলাসে বিচারকের সামনেই বিষপান নারী বিচারপ্রার্থী

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ন, ১০ মে ২০২৬ | আপডেট: ৯:১১ অপরাহ্ন, ১০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীতে আদালতের কার্যক্রম চলাকালে বিচারকের সামনেই বিষপান করেছেন এক নারী বিচারপ্রার্থী। পরে দ্রুত তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আদালত প্রাঙ্গণে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রোববার (১০ মে) দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ আদালতের ফুলগাজী আমলি আদালতের এজলাসে এ ঘটনা ঘটে। বিষপানকারী নারীর নাম তাহমিনা আক্তার মোহনা।

আরও পড়ুন: কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্র ঐক্য পরিষদ, চন্দ্রাবতীর ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত

আদালত সূত্রে জানা যায়, কাবিনের টাকা আদায় সংক্রান্ত মামলার শুনানিতে অংশ নিতে আদালতে হাজির হন মোহনা ও তার স্বামী আকবর হোসেন। শুনানি শেষে আদালত আকবর হোসেনের জামিন মঞ্জুর করেন। জামিনের আদেশ ঘোষণার পরপরই আদালত কক্ষের সামনে ক্ষোভ ও হতাশা থেকে সঙ্গে থাকা বিষ পান করেন মোহনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিষপানের কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ছটফট করতে থাকেন। এ সময় আদালতে উপস্থিত আইনজীবী, পুলিশ সদস্য ও সাধারণ মানুষ দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন: আজ মাগিদুল ইসলাম মুকুলের অষ্টমতম মৃত্যু বার্ষিকী

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রোকন উদ্দৌলা জানান, বিষক্রিয়ার লক্ষণ নিয়ে ওই নারীকে হাসপাতালে আনা হয়েছিল। তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তার পাকস্থলী ওয়াশ করা হয়েছে। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

আদালতের পেশকার জসিম উদ্দিন জানান, প্রেমের সম্পর্কের পর ২০২৫ সালে ফুলগাজী উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার বাসিন্দা চার সন্তানের বাবা আকবর হোসেনকে বিয়ে করেন তাহমিনা আক্তার মোহনা। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। পরে চলতি বছরের ২৯ জানুয়ারি স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন মোহনা। রোববার ওই মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে আদালত পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, শুনানির সময় বাদী ও বিবাদী উভয়ই আদালতে উপস্থিত ছিলেন। বিচারিক কার্যক্রম শেষে হঠাৎ ওই নারী বিষপান করেন। পরে আদালতে উপস্থিত লোকজন দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন।