শ্রীপুরে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ মিলল জঙ্গলে

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ন, ১৪ মে ২০২৬ | আপডেট: ৩:২৯ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে গজারী বনের পাশ থেকে অটো চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবার জানিয়েছেন, স্ত্রীর সাথে দুপুরের খাবার শেষে বিকেলে অটোরিকশা নিয়ে বের হয় আসিফ। ফেরার সময় সন্তানের জন্য দুধ, স্ত্রী ও মায়ের জন্য কাপড় আনার কথা ছিল।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে সেই আসিফের মরদেহ উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ী এলাকার গজারী বনের পাশ থেকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৪ হাজার কেজি অবৈধ সারসহ ট্রাক আটক

নিহত আসিফ হোসেন (২১) জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ী বগার ভিটা উত্তরপাড়া এলাকার হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। আসিফ দেড় মাস যাবৎ অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। নিহতের স্ত্রী মিরজানা আক্তার মিম জানান, তাদের সংসারে ৭ মাস বয়সী একটি কন্যা সন্তান আছে।

গতকাল বুধবার (১৩ মে) দুপুরে স্ত্রীর সাথে দুপুরের খাবার শেষে বিকেলে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয় আসিফ। ফেরার সময় সন্তানের জন্য দুধ, স্ত্রী ও মায়ের জন্য কাপড় আনার কথা ছিল। রাত ১০টায় আসিফ বাড়ি না ফিরলে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হয়। মোবাইল রিসিভ না করায় আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে তার স্বজনরা। পরে নিহতের মা আছমা আক্তার রাত দুইটার দিকে আসিফের মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পান। বৃহস্পতিবার সকালে আসিফের স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। সকালে নিহতের শ্যালক জিসান গজারী বনের ভেতর আসিফের গলাকাটা মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশে জানানো হয়। এসময় আসিফের অটোরিকশা পাশের স্থানীয় সিদ্দিকের পরিত্যক্ত বাড়িতে পাওয়া যায়। খবর পেয়ে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে নারীর পায়ে স্পঞ্জ স্যান্ডেল ও পুরুষের দুই জোড়া স্যান্ডেল, মাথার ক্যাপ, একটি হলুদ ওড়না পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: শত শত বিঘা জমি জলসিড়ি প্রজেক্টের দখলে

নিহতের ডান হাতের কনুইতে কামড়ের দাগ রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছির আহমেদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।