নরসিংদীতে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে মোবাইল চুরির হিড়িক

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৮:৪২ পূর্বাহ্ন, ২১ মে ২০২৬ | আপডেট: ১১:২২ অপরাহ্ন, ২১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিটিভির জনপ্রিয় বিনোদন মূলক  ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং স্পটে এসে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার দর্শকের প্রায় অর্ধশতাধিক  মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (২০ মে) সন্ধ্যায় নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর হাইস্কুল মাঠ সংলগ্ন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহিদ মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে হানিফ সংকেতের উপস্থাপনায় পরিচালিত জনপ্রিয়  "ইত্যাদি'র" মত অনুষ্ঠানে এই চুরির ঘটনা ঘটে।

আরও পড়ুন: রামিছা হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলন: দ্রুত ফাঁসির দাবি

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানটি উপভোগ করার জন্য অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য অতিথিদের পাসের ব্যবস্থা ছিল। কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও অনুষ্ঠানের আয়োজকদের অব্যবস্থাপনার কারণে প্রবেশ গেইটে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এসময় পাসধারী উপস্থিত নারী শিশুসহ হাজার হাজার দর্শককে তীব্র ঠেলাঠেলি করে ভেতরে প্রবেশ করতে হয়। আর এই ধাক্কাধাক্কির সুযোগকে কাজে লাগিয়ে অনুষ্ঠানস্থলে আগে থেকে অবস্থান নেওয়া একটি সংঘবদ্ধ চোর দল দর্শকদের পকেট ও ভ্যানিটি ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন হাতিয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যওরা ব্যর্থ হন বলে অভিযোগ করেন।

এদিকে দর্শক প্রিয় এই অনুষ্ঠানটি উপভোগ করতে প্রায় তিন হাজার অতিথির বসার জন্য আসন বরাদ্দ করেছিল কর্তৃপক্ষ। কিন্তু পাস ছাড়া আরও কয়েক হাজার বহিরাগত ব্যক্তি পুলিশী বাধা উপেক্ষা করে প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে সংবাদ সংগ্রহ করতে যাওয়া ইনডিপেনডেন্ট টেলিভিশন, দীপ্ত টিভি, ইভিনিং নিউজ, দৈনিক আমার দেশ, ভোরের ডাক ও প্রতিদিনের সংবাদসহ অন্তত ৭ জন কর্মরত সাংবাদিকের স্মার্টফোন (মোবাইল) চুরি হয়ে যায়। পরে চরম অব্যবস্থাপনার ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে শত শত পাসধারী অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

আরও পড়ুন: চট্টগ্রামে বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

ভুক্তভোগী এক সাংবাদিক বলেন, অনুষ্ঠানের প্রধান ফটকে ব্যাপক হট্টগোল দেখা দেয়। আমরা কয়েকজন সাংবাদিক ভেতরে প্রবেশ করে দেখি আমার মোবাইলটি নেই। তাৎক্ষণিক গেইটে দায়িত্বরত পুলিশ সদস্যকে বিষয়টি জানাই। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই আরও ৬ জন সাংবাদিক এবং জেলা প্রশাসনের ১ জন কর্মচারীসহ অন্তত ৪৫ জন দর্শক তাদের মোবাইল চুরির কথা পুলিশকে অবহিত করেন।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, এখনও পর্যন্ত থানায় কোন অভিযোগ বা জিডি হয়নি। অনুষ্ঠানস্থল থেকে বেশ কিছু দর্শকের মোবাইল চুরি হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে ভুক্তভোগীরা থানায় জিডি করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত মোবাইল গুলো উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করবো। তিনি আরও বলেন, ইত্যাদি অনুষ্ঠানে আমন্ত্রিত দর্শকদের পাশাপাশি সম্ভবত একটি সংঘবদ্ধ চোর চক্র অনুষ্ঠানের আশেপাশে অবস্থান নিয়েছিল। অতিরিক্ত ভিড় এবং দর্শকদের প্রবেশধারে জটলা না পাকানোর জন্য বার বার অনুরোধ করার পাশাপাশি তাদের হ্যান্ড ব্যাগ ও মোবাইল ফোন সাবধানে রাখতে বলা হয়েছিল।