রাজধানীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ন, ১৯ মে ২০২৬ | আপডেট: ৫:৩৬ অপরাহ্ন, ১৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর পল্লবীতে সাত বছরের একটি শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদেরই এক প্রতিবেশী এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে । নিহত শিশুর নাম লামিসা (৭)। মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি, রোড-৭ এর ৩৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটেছে। 

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, নিহত লামিসা আব্দুল হান্নান মোল্লার মেয়ে। প্রাথমিক তথ্যে জানা যায়, একই ভবনের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল (৩২) শিশুটিকে গলা কেটে হত্যা করে। হত্যার পর শিশুটির মাথা তার ঘাড় থেকে বিচ্ছিন্ন করেন তিনি।

আরও পড়ুন: আল-আরাফাহ্ ব্যাংকের সাবেক দুই পরিচালকের বিরুদ্ধে কানাডায় শতকোটি টাকা পাচারের অভিযোগ

পল্লবী থানার ওসি হাসান বাসির বলছেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি শিশুটিকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে।’ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পল্লবী থানা পুলিশ, সিআইডি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: স্বামীকে হত্যা করে মরদেহ টুকরো, স্ত্রী গ্রেপ্তার