ঈদুল আজহায় টানা ছুটি, অফিস বন্ধের প্রজ্ঞাপন জারি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটির ঘোষণা দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে আগামী ২৫ মে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটির আওতায় থাকবে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসসমূহ।
বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। দীর্ঘ এ ছুটিকে কেন্দ্র করে চাকরিজীবীদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ঈদের আগে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে রাজধানী ছাড়ার প্রস্তুতিও শুরু করেছেন অনেকে।
আরও পড়ুন: ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটির সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ মে শনিবার এবং ২৪ মে রোববার অফিস খোলা থাকবে। তবে জরুরি পরিষেবাগুলো এ ছুটির আওতার বাইরে থাকবে।
বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবাসহ জনজীবনের গুরুত্বপূর্ণ খাতগুলো স্বাভাবিকভাবে চালু থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও ছুটির আওতার বাইরে থাকবে।
আরও পড়ুন: কোরবানির চামড়া সংরক্ষণে সর্বাত্মক প্রস্তুতি সরকারের: বাণিজ্যমন্ত্রী
ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে আদালতের কার্যক্রম নিয়ে পৃথক নির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
বেসরকারি শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে পাঠানো হয়েছে।
এদিকে দীর্ঘ ছুটিকে ঘিরে সড়ক, রেল ও নৌপথে ঈদযাত্রার প্রস্তুতিও জোরদার করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





