সাংবাদিকদের অধিকার ও পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর: চট্টগ্রামে তথ্য প্রতিমন্ত্রী

Sanchoy Biswas
রিদুয়ান সিদ্দিকী, চট্টগ্রাম
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ন, ০৫ জুন ২০২৬ | আপডেট: ১০:৪৫ অপরাহ্ন, ০৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণমাধ্যমের স্বাধীনতায় বর্তমান সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই সাংবাদিকদের পাশে থাকে উল্লেখ করে তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মতো সাংবাদিক-বান্ধব নানা কর্মসূচি বর্তমান সরকারও হাতে নিচ্ছে এবং তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর। অতীতের ফ্যাসিবাদী সরকারের মতো কোনো হস্তক্ষেপ বা ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতিতে বর্তমান সরকার বিশ্বাসী নয় এবং গণমাধ্যম সম্পূর্ণ নিজস্ব গতিতে চলবে বলে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

০৫ জুন (শুক্রবার) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনের দ্বিতীয় তলায় ফিতা কেটে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: পটুয়াখালীর বাউফলে হত্যাকাণ্ড: রতনসহ ৬ জন গ্রেফতার, অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি অপতথ্য ও অসত্য খবরের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এআই-এর মাধ্যমে বর্তমানে যে কাউকে অপদস্ত করা কিংবা ভুয়া ছবি ও ভিডিও বানিয়ে ভুল তথ্য উপস্থাপন সহজ হয়ে গেছে। তবে প্রযুক্তির এই নেতিবাচক দিকের পাশাপাশি ইতিবাচক দিকও রয়েছে। তাই প্রযুক্তিকে ইতিবাচকভাবে ব্যবহার করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে গণমাধ্যমের ওপর মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। চট্টগ্রামের সাংবাদিকদের আবাসন সমস্যা ও অধিকার নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে প্রতিমন্ত্রী আরও জানান, সম্পাদক পরিষদ প্রধানমন্ত্রীর কাছে যে বকেয়া পাওনা দাবি করেছিল, তা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এর পাশাপাশি সংবাদকর্মীদের প্রতি মাসে সঠিক সময়ে বেতন নিশ্চিত করার জন্য তিনি সম্পাদকদের প্রতি জোর দাবি জানান।

অনুষ্ঠানের উদ্বোধক ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার বিভিন্ন পর্যায়ের যৌক্তিক সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করছে এবং সেই অনুযায়ী ব্যবস্থাও নিচ্ছে। দেশ পরিচালনায় সবার সহযোগিতার পাশাপাশি যৌক্তিক সমালোচনা প্রয়োজন, কারণ তা ভুলত্রুটি শুধরে নিতে সাহায্য করে। যারা দীর্ঘকাল ধরে জীবনের সবটুকু দিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে গেছেন, তাদের সবাইকে একটি বৃহৎ প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে শিশুর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় এই বর্ণাঢ্য অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি ওবায়দুর রহমান শাহীন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো: নুরুল করিম। এছাড়াও সিডিএ, ওয়াসা, আইনজীবী সমিতি ও ডক্টরস ফোরামের শীর্ষ কর্মকর্তা এবং চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মো. হোসেন। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা আবাসন সংকট, বেকারত্ব দূরীকরণ এবং ওয়েজবোর্ড বাস্তবায়নসহ বিভিন্ন পেশাগত সমস্যা তুলে ধরে গণমাধ্যম খাতের আর্থিক সংকটে সাংবাদিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন।