গাজীপুরে পোশাক কারখানায় আগুন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬ | আপডেট: ১:১৫ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরে একটি পোশাক কারখানার ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের মালেকের বাড়ি এলাকায় অবস্থিত ম্যাট্রিক্স স্টাইলস কারখানার সপ্তম তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে ভোগরা বাইপাস মডার্ন ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুর ফায়ার সার্ভিস থেকে আরও তিনটি ইউনিট যোগ দেওয়া হয়।

আরও পড়ুন: শ্রীমঙ্গলে বিশাল মঞ্চ প্রস্তুত, প্রধানমন্ত্রীর অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

কারখানা সূত্রে জানা যায়, ভবনের উপরের তলার দক্ষিণাংশে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে অবহিত করলে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, আগুন যাতে দ্রুত অন্যান্য ফ্লোর বা কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

আরও পড়ুন: থামছে না পুশ-ইন চাপ, অনিশ্চয়তার শেষ কোথায়?

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনের বিস্তার সীমিত রাখতে সক্ষম হয়েছেন তারা। অগ্নিকাণ্ডে কারখানার কিছু তৈরি পোশাক, যন্ত্রপাতি এবং গার্মেন্টসের ঝুট পুড়ে গেছে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে ভবনের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করছেন, যাতে পুনরায় কোনো ঝুঁকির সৃষ্টি না হয়।