মাদক নিয়ন্ত্রণে শিক্ষকদের এগিয়ে আসতে হবে: ফেনীতে ডিসি

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ন, ১৭ জুন ২০২৬ | আপডেট: ৩:২০ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাদকের ভয়াবহ বিস্তার দেশের সামাজিক ও মানবিক কাঠামোকে হুমকির মুখে ফেলছে। মাদকের ছোবলে দেশ ক্রমেই পঙ্গুত্বের দিকে ধাবিত হচ্ছে এবং প্রতিদিনই বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। বিশেষ করে যুবসমাজের একটি বড় অংশ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক।

বুধবার (১৭ জুন) দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাদকবিরোধী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফেনী জেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক প্রতিনিধি এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান

জেলা প্রশাসক বলেন, “বর্তমানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যেও মাদকের প্রতি আসক্তির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরামর্শ প্রদানের মাধ্যমে মাদক থেকে দূরে রাখতে হবে।”

তিনি আরও বলেন, “ফেনী একটি সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে মাদকের প্রবেশ ও বিস্তারের ঝুঁকি তুলনামূলক বেশি। তাই মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উদ্বুদ্ধকরণ সভা, সচেতনতামূলক কার্যক্রম এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।”

আরও পড়ুন: মাধবপুরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পারাপার, দুর্ঘটনার শঙ্কা

পরিবেশকর্মী নজরুল বিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা সুলতানা, ফেনীস্থ বিজিবির সুবেদার মেজর সিরাজুল ইসলাম, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, কোর্ট পুলিশের ইন্সপেক্টর সাইফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক নাসির উদ্দীন আশরাফী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়াসহ বিভিন্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকরা শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।